যশোরের শার্শা উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা গেছে, তিনি স্থানীয়দের চিকিৎসাসেবা দিতেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আল আমিন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান জানান, তদন্ত কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
একই থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।


