শুভর সঙ্গে ঐশীর প্রেম নাকি প্রচারণার কৌশল?

শুভর সঙ্গে ঐশীর প্রেম নাকি প্রচারণার কৌশল?
আরিফিন শুভ ও ঐশী। ছবি: কোলাজ
Advertisement
Advertisement

ভালোবেসে অর্পিতা সমাদ্দারকে বিয়ে করেছিলেন আরিফিন শুভ। আট বছরের সেই সংসার শেষ হয়েছে গেল বছরের ২০ জুলাই। এরপর থেকেই জনপ্রিয় এই নায়ককে ঘিরে নায়িকা ঐশীর সঙ্গে প্রেমের গুঞ্জন চাউর হয়েছে।

শুভ এ ব্যাপারে কিছু না বললেও ঐশী বারবারই হেসে উড়িয়ে দিয়েছেন। তবে সম্প্রতি তাদের ঘিরে সেই গুঞ্জন আবার মাথা চড়া দিয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রায় একই সময়ে দুজনে তাদের ফেসবুক পেইজে দুজনের ছবি পোস্ট করেছেন। দুজনেই দিয়েছেন রোমান্টিক ক্যাপশন।

শুভ লিখেছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার’। আর ঐশী লিখেছেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার’।

শুভ-ঐশীর ঘনিষ্ঠ ছবি আর রোমান্টিক পোস্ট—দুয়ে মিলে তাদের মধ্যকার প্রেমের গুঞ্জন আবার সামনে এসেছে। ভক্তদের অনেকেই পোস্টগুলোতে মন্তব্য করছেন, ‘তাহলে যাহা রটে, তাহা সত্য।’ অনেকে এক ধাপ এগিয়ে লিখেছেন, ‘তাহলে শেষ পর্যন্ত আপনারা বিয়েটা করেই ফেললেন?’

আরিফিন শুভর দেওয়া ফেসবুক পোস্ট

তবে এবারও ব্যাপারটি হেসে উড়িয়ে দিয়েছেন আরিফিন শুভ। তিনি বলেন, ‘ঐশী শুধু আমার একজন ভালো সহকর্মী। আমরা একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছি। এসব গুঞ্জন কেন যে আসে!’

আরও পড়ুন

কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘নূর’ ছবির শ্যুটিং শেষ করেছেন শুভ-ঐশী। শিগগির মুক্তি পেতে যাচ্ছে এটি। অনেকেই বলছেন, ফেসবুকে এসব পোস্টের মাধ্যমে আসলে ‘নূরের’ আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন তারা। দর্শকদের ছবিটি সম্পর্কে আগ্রহী করে তুলতেই নিয়েছেন এই কৌশল।

শুরুতে শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘নূর’ শুটিং শুরু হয়েছিল। ২০২২ এ সেন্সরের পরেও ছবিটি মুক্তি আটকে ছিল। পরে ২০২৪ সালের জুনে ছবিটি কিনে নেয় কোয়াইট অ্যান্ড সেট নামে নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান। এরপর থেকেই মুক্তির উপযুক্ত পথ খুঁজতে থাকেন সংশ্লিষ্টরা।

পরিচালক, অভিনয়শিল্পী আর প্রযোজকের মধ্যে কয়েক দফা আলোচনাও হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত দাঁড়ায়—‘নূর’ প্রেক্ষাগৃহ নয়, মুক্তি পাবে ওটিটিতে। সে অনুযায়ী, ছবিটি বায়োস্কোপ অ্যাপে আসছে ২৮ নভেম্বর অথবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

ঐশীর দেওয়া ফেসবুক পোস্ট

প্রথম দিকে দুই প্রধান অভিনয়শিল্পীই চাননি ছবিটি ওটিটিতে যাক। পরে পরিস্থিতি বিবেচনায় তারা সম্মতি দেন। সম্প্রতি তারা ছবির প্রচারের জন্য একটি ফটোশুটেও অংশ নেন; সেখানকার ছবিগুলোই মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

সিনেমা হল এড়িয়ে সরাসরি ওটিটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ছবির পরিচালক রায়হান রাফি বলেন, ‘অনেক আগেই শ্যুট করা ছবি “নূর”, দেখার পরে মনে হয়েছে ওটিটিই এর জন্য বেশি উপযুক্ত প্ল্যাটফর্ম। দর্শকও সেখানে ভালো অভিজ্ঞতা পাবেন।’

তাহলে শ্যুটিংয়ের সময় কেন মনে হয়েছিল প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন?

এই প্রশ্নে তার সংক্ষিপ্ত উত্তর, ‘তখন একভাবে ভেবেছিলাম, এখন সেটা বদলে গেছে। এর বাইরে বিশেষ কোনো কারণ নেই।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad