দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে কোনো ধরনের দলীয় রাজনীতি না করার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিচ্ছি- আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না। আমরা শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব।’
ঈদুল ফিতরের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় বাস্তয়নের জন্য পরিকল্পনা করা ১২টি এজেন্ডা তুলে ধরেন ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘আমি এবং শিক্ষামন্ত্রী আপনাদের একটি স্পষ্ট বার্তা দিচ্ছি- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার শিক্ষাকে আর খরচের খাত হিসেবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানবসম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন- দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তিসক্ষম ও মূল্যবোধসম্পন্ন- সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা। আমাদের দায়িত্ব সেই ভিশনকে বাস্তবায়ন নামানো- বাজেটে শ্রেণিকক্ষে, পরীক্ষায় ও কর্মসংস্থানে। এসব বিষয়ে আমরা আপনাদের প্রশ্ন নেব এবং মাসে মাসে আপনাদের সামনে অগ্রগতি রিপোর্ট দেব।’
সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ যে ১২টি এজেন্ডার কথা তুলে ধরেছেন, তার মধ্যে অন্যতম হলো- শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি করে পাঁচ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া এবং সেই অর্থ খরচের খাতগুলো সমতাভিত্তিকভাবে নির্ধারণের করা। উন্নয়ন বাজেট বাস্তবায়নের রূপরেখা পুনমূল্যায়ন করা, যাতে এই অর্থ খরচের খাতগুলো সুস্পষ্ট হয়। শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান শক্তিশালী করা, শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানাগার ও বিভিন্ন ভাষা শেখার ল্যাব স্থাপন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় মাধ্যমিক থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা, উপজেলা পর্যায়ে ট্যালেন্ট হান্ট ও স্কুল লীগ চালু, শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির উপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন, শিক্ষার মধ্যে বৈচিত্র্য ধরে রাখা হবে কিন্তু সরকারি-বেসরকারি-মাদ্রাসা-কারিগরি- সাধারণ শিক্ষা- সর্বক্ষেত্রে ন্যূনতম একটা কমন স্টান্ডার্ড নিশ্চিত করা, কওমী সনদের বাস্তবায়ন ও আলেমদের স্বীকৃতি, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভূক্ত করা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমি সম্পর্ক স্থাপন, গবেষণা ও ইনোভেশন গ্রান্ট বৃদ্ধি, শিক্ষার্থীদের ঋণ ও উচ্চ শিক্ষায় সহায়তা প্রদান, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়ন ও মানোন্নয়ন প্রভৃতি।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন নতুন সরকারের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দুর্নীতি প্রতিরোধে তার কঠোর অবস্থান থাকবে। এমনকি প্রশাসনিক দুর্নীতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলি এখন থেকে অটোমেটিক অ্যাপসের মাধ্যমে হবে। অ্যাপসে সব কর্মকর্তার সব তথ্য থাকবে, অটোমেটিক সিস্টেমে তাদের বদলি হবে।


