ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামীম শিক্ষার্থীদের রায় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটাই তাদের রায়, তবে আমি সেটিকে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।’
বুধবার মধ্যরাতে নিজের ফেসবুকে এক প্রতিক্রিয়ায় হামীম লেখেন, ‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং যতদিন থাকব আপনাদের পাশেই থাকব।’
তবে তিনি ভোট প্রক্রিয়ার অনিয়মের অভিযোগও তোলেন। ফেসবুকে আরেক অংশে তিনি দাবি করেন, ‘আজকের ভোটানুষ্ঠান সার্বিকভাবে উৎসবমুখর হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে।’
এর আগে, একই প্ল্যাটফর্মে ছাত্রদলের সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান ফলাফল প্রত্যাখ্যান করে লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’
দিনভর ভোটের পর শুরু হয় ফল ঘোষণার অপেক্ষা। মঙ্গলবার রাত পেরিয়ে বুধবার রাত দেড়টার দিকে প্রথম শুরু হয় ফলাফল ঘোষণা।
কার্জন হল কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী, রাত পৌনে ৩টা পর্যন্ত সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের দুই প্রার্থী সাদিক কায়েম ও এস এম ফরহাদ। তাদের সঙ্গে ছাত্রদলের প্রার্থীদের ব্যবধান বেশ দীর্ঘ।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথ হলের ভোটের ফলাফল পাওয়া যায়। এই হলটিতেই পিছিয়ে শিবিরের প্রার্থীরা, তাদের তুলনায় বেশ ব্যবধানে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা, এগিয়ে রয়েছেন প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসুও।
এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহসভাপতি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে পাঁচজন, জিএস পদে একজন ও এজিএস পদে চারজন ছিলেন।
মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


