ডাকসু নির্বাচনের প্রাথমিক ফলাফলকে ‘পরিকল্পিত প্রহসন’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
বুধবার মধ্যরাত আড়াইটার দিকে নিজের ফেসবুক পোস্টে একথা জানান তিনি।
আবিদুল লিখেছেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

এর আগে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছিলেন আবিদুল। সেইসঙ্গে প্রশাসন শিবিরকে সহায়তা করছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন বলেও সেসময় দাবি করেছিলেন ছাত্রদলের এই প্রার্থী।
অবশ্য, এর বিপরীতে শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে ছাত্রদল।
দিনভর ভোটের পর শুরু হয় ফল ঘোষণার অপেক্ষা। মঙ্গলবার রাত পেরিয়ে বুধবার রাত দেড়টার দিকে প্রথম শুরু হয় ফলাফল ঘোষণা। কার্জন হল কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী, রাত পৌনে তিনটা পর্যন্ত ভিপি ও জিএস পদে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত প্যানেলের দুই প্রার্থী সাদিক কায়েম ও এস এম ফরহাদ।
তাদের সঙ্গে ছাত্রদলের প্রার্থীদের ব্যবধান বেশ দীর্ঘ।


