জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক সাংবাদিককে মারধর, হয়রানি ও পেশাগত সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। রোববার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানায়।
ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম আরিফুর রহমান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিডিনিউজ২৪ ডট কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত।
আরিফুরের লিখিত অভিযোগে বলা হয়, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের হিম উৎসবে তিনি শহীদ মিনার এলাকায় সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইমন, দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. সাহানুর রহমান সাঞ্জু এবং বাংলা বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ইমন বাবুসহ পাঁচ-ছয়জন অজ্ঞাত ব্যক্তি তাঁকে ঘিরে ধরে শারীরিকভাবে হয়রানি করেন।
তিনি বলেন, ‘ইমন জোরপূর্বক আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে ফুটেজ দেখতে শুরু করেন। পরে ক্যামেরা নিতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে আমার ক্যামেরা ও লেন্স ক্ষতিগ্রস্ত হয়।’
অভিযুক্তদের নাম উল্লেখ করে প্রশাসনের কাছে অভিযোগ জানানোয় তারা ইমন বাবুকে সঙ্গে নিয়ে ফের আরিফুরকে শারীরিকভাবে হুমকি ও হয়রানি করেন বলেও অভিযোগ উঠেছে।
তিনি বলেন, ‘একই রাতে আমাকে দুই দফা হামলার শিকার হতে হয়েছে।’ এ ছাড়া তার বিরুদ্ধে ভুয়া ফেসবুক পেজ ও আইডি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন আরিফুর।
তিনি বলেন, ‘এ হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এবং সংবিধানের ৩৯ অনুচ্ছেদে নিশ্চিত করা মতপ্রকাশ ও সংবাদ সংগ্রহের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইমন বাবু তা অস্বীকার করে বলেন, ‘৫২ ও ৪৮তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে একটি বাগবিতণ্ডা হচ্ছিল। আমি বিষয়টি মীমাংসার চেষ্টা করছিলাম।’
ইমন বাবু বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদের সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। অন্য অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হিম উৎসবকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীদের পরস্পরবিরোধী অভিযোগ ও প্রক্টোরিয়াল বডির প্রাথমিক তদন্তে ঘটনাটির বিস্তারিত তদন্তের প্রয়োজনীয়তা দেখা গেছে।
সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে সভাপতি করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার শরিফুল হুদা, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম, আইবিএ-এর অধ্যাপক আইরীন আক্তার এবং ডেপুটি রেজিস্ট্রার মো. আবু তালেব।
কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জাবির প্রক্টর এ কে এম রশিদুল আলম বলেন, “ঘটনাটি তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


