আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর আসার বিষয়ে আমার জানা নেই।’
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, ‘জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ পড়াবেন খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে শপথের পর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার দিকে তারা সংসদীয় দলের প্রধান নির্বাচিত করবেন। এরপর বিকাল ৪টায় মন্ত্রিসভার শপথের আয়োজন করা হবে। রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।’
আমন্ত্রিত অতিথিদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কারা কারা আমন্ত্রিত হবেন সেটি কনভেনশন অনুযায়ী করা হবে, সেটি ক্যাবিনেট ডিভিশন দেখছে, এটা আমি বলতে পারব না।’
ভারতের প্রধানমন্ত্রী অনুষ্ঠানে থাকবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মিটিংয়ে আমি যেটা শুনেছি, সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে। কোনো প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের বিষয়ে আমি কিছু জানি না।’
সবসময় বঙ্গভবনে শপথ গ্রহণের অনুষ্ঠান হয়, এবার সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের কারণ কি জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, ‘বিএনপির অভিপ্রায় অনুযায়ী দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ আয়োজন করা হচ্ছে। জুলাইয়ে ছাত্রজনতার যে আত্মত্যাগ, অনেক কষ্ট-বেদনা ও প্রাণহানির বিনিময়ে আমরা এই সংসদ পেয়েছি। এই সংসদটা অন্য সব সংসদের চেয়ে একটু আলাদা। এ ছাড়া এই সংসদ প্রাঙ্গণে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে। পাশাপাশি আমাদের জুলাই গণভুত্থানের বিভিন্ন যে ডকুমেন্টেশন, সেটার প্রকাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল সংসদ এলাকা। সবকিছু বিবেচনা করে হয়তো উনারা (বিএনপি) অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেই অনুযায়ী আয়োজন করছি।’
পরবর্তী মন্ত্রিসভায় আপনি থাকছেন বলে শোনা যাচ্ছে, আসলেই কি আপনি থাকছেন এমন প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন, ‘প্রশ্নই আসে না।’


