টানা তিন ম্যাচ জিতে চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়েছেন জেসন হোল্ডাররা। ১৩৪ রান তাড়ায় নেমে শেই হোপের ফিফটিতে ২৮ বল হাতে রেখে পাওয়া এই জয়ে সবার আগে সুপার এইটে উঠেছে ক্যারিবিয়াবনরা। ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্টে তাদের নেট রান রেট ১.৮২০। ইতালির বিপক্ষে পরের ম্যাচ জিতলে হয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন।
দুই দলের শক্তিমত্তায় বিশাল পার্থক্য, সেটা বলাই বাহুল্য। মাঠের পারফরম্যান্সেও ফুটে উঠল সেই চিত্র। টসে হেরে ব্যাট করতে নেমে জেসন হোল্ডার-শামার জোসেফদের দারুণ বোলিংয়ে ৮ উইকেটে ১৩৩ পর্যন্ত যেতে পারে নেপাল। লক্ষ্য ছুঁতে নেমে ৪৩ রানের ওপেনিং জুটিতে জুয়ের পথ আরো সহজ হয় হোপ-কিংয়ের ব্যাটে। নন্দন যাদবের বলে ২২ রান করে কিং ফিরলেও বাকি পথটা পেরোতে বেগ পেতে হয়নি ক্যারিবিয়ানদের।
দ্বিতীয় উইকেটে হোপের সঙ্গে শিমরান হেটমায়ারের ৫৯ বলে ৯১* রানের জুটিতে ম্যাচ জিতে নেয় তারা। এই জুটির পথে ফিফটি ছুঁয়েছেন অধিনায়ক হোপ। ৫ চার ও ২৩ ছক্কায় ৪৪ বলে ৬১ রান করেন এই ডানহাতি ওপেনার। ৪ চার ও ২ ছক্কায় ৩২ বলে ৪৬* করেন বাঁহাতি হেটমায়ার।
দলের ব্যাটারদের দাপটের দিনে ম্যাচ সেরা হয়েছেন হোল্ডার। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নেপাল পড়েছে তার বোলিং তোপের মুখেই। ৪ ওভার বলে করে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ৭৩ রানে প্রথম ৬ উইকেট হারানো নেপালের পক্ষে ৪৭ বলে ৫৮ রান করেছেন দীপেন্দ্র সিং আইরে। শেষদিকে সোমপাল কামির ১৫ বলে ২৬ রানের ইনিংসে ১৩০ ছাড়ানো সংগ্রহ পায় নেপাল।


