নিরাপত্তা শঙ্কায় সহ-আয়োজক ভারতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে না বাংলাদেশ। দল না পাঠানোর নির্দেশ সরাসরি এসেছে সরকারের কাছ থেকে। ইতোমধ্যে আইসিসিও ‘সি’ গ্রুপে বাংলাদেশের বদলি হিসেবে জায়গা দিয়েছে স্কটল্যান্ডকে। সেই হিসেবে বিশ্বকাপ খেলতে না পারায় আইসিসির প্রাইজ মানি ও ম্যাচ ফি থেকে বঞ্চিত হচ্ছেন ক্রিকেটাররা। সব মিলিয়ে অঙ্কটা প্রায় ২ লাখ ডলার কমপক্ষে।
সেই প্রেক্ষিতে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার আলোচনা ছিল আগে থেকেই। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম জানালেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে শীঘ্রই। রাজধানীর ইস্কাটনে ‘নাইন্টি নাইন স্পোর্টস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ক্রিকেটারদের একটি টুর্নামেন্টের মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারটি নিশ্চিত করেন তিনি।
যুব ও ক্রীড়া সচিব সাংবাদিকদের বলেন, ‘আর্থিক বিষয়টা তো অবশ্যই জড়িত আছে। কিন্তু সবার আগে আমাদের ক্রিকেটের নিরাপত্তা। আমাদের উপদেষ্টা মহোদয় ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে ক্রিকেটারদের জন্য একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবির মাধ্যমে খবরটা পাবেন, বিসিবি সভাপতি মহোদয় আপনাদের অবহিত করবেন। সরকার তো আয়োজন করবে না, ক্রিকেট বোর্ডই সব করবে।’
আসন্ন এই টুর্নামেন্টটি হতে পারে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে জাতীয় দলের বাকি দুই ফরম্যাট ও পাইপলাইনে থাকা তরুণ ক্রিকেটাররাও সুযোগ পাবেন।
মাহবুব উল আলম আরো বলেন, ‘শুধুমাত্র জাতীয় দলে তো ১৫ থেকে ২০ জন প্লেয়ার থাকে। একটা টুর্নামেন্ট আয়োজন করলে এর বাইরেও যারা আছেন তাদেরও নেয়া হবে। বিশ্বকাপের দলে যারা ছিলেন তারা তো থাকবেনই। এর বাইরেও আমাদের যারা প্রমিনেন্ট ক্রিকেটার আছেন তারাও এই সুযোগ পাবেন।
কবে নাগাদ শুরু হতে পারে এই টুর্নামেন্ট এখনো নিশ্চিত করেননি যুব ও ক্রীড়া সচিব। তবে গুঞ্জন আছে জাতীয় নির্বাচনের পরই মাঠে গড়াতে পারে ওয়ানডে ফরম্যাটের বিসিএলের। মূলত মার্চে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখেই এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিবি।


