এখনো ঝুলে আছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত। নিরাপত্তা শঙ্কায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই দফায় বৈঠকের পরেই আইসিসি থেকেও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। এই দোদুল্যমান অবস্থায় অধিনায়ক লিটন দাসও জানেন না, কী হতে যাচ্ছে। মঙ্গলবার রংপুর রাইডার্সের হয়ে এলিমিনেটরে সিলেট টাইটান্সের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে পাল্টা প্রশ্নে জিজ্ঞেস করলেন্ এক সাংবাদিককে, ‘আপনি কি সিওর আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি?’
বিশ্বকাপ খেলতে যাবেন কিনা, সংবাদ সম্মেলনে এই প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘সিওর না।’ ভারতে খেলতে যাওয়া আদর্শ হবে কিনা, এই প্রশ্নে কোনো মন্তব্যই করতে চাননি রংপুর রাইডার্স অধিনায়ক। কাজ সেরেছেন, ‘নো কমেন্ট’ বলে।
বিসিবির পক্ষ থেকে কি আলোচনা করা উচিত ছিল সার্বিক পরিস্থিতি নিয়ে?, এই প্রশ্নে লিটন সোজা জানিয়ে দেন তার সাথে বোর্ডের কারো কথা হয়নি, ‘আমি জানি না, আমার সঙ্গে কথা হয়নি।’ এরপর পাল্টা প্রশ্নে লিটন জানতে চান, ‘আপনি কি সিওর আমরা বিশ্বকাপ খেলব?’
বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যত নিয়ে বোর্ড পরিচালক থেকে শুরু করে ক্রিকেটারদের সবাই যে ধোঁয়াশায় আছেন, সেটা পরিস্কার হলো লিটনের বাকি মন্তব্যে। যিনি এক বছরের বেশি সময় ধরে নেতৃত্ব দিচ্ছেন টি-টোয়েন্টি দলকে।
ক্রিকেটারদের সাথে বোর্ড সদস্যের কোনো আলোচনা যে এখনো হয়নি, তাও ফুটে উঠল লিটনের কথায়, ‘আমরা ১৫ জনের কেউই জানিনা কোন দেশে যাব কই খেলব। শুধু আমরা না পুরো দেশই জানে না। আপনারা তো এর মধ্যেই দল জানেন যে কোন ১৫ জন যাবে। সেই ১৫ জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব।’


