লালমনিরহাট সদরের রাজপুর এলাকায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে রাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজপুর বাজার এলাকার রেজাউল করিম মাস্টারের ছেলে সিফাউল করিম সিফাত (১৮) ও সোহায়েব করিম স্বচ্ছ (১৩)। তারা দুজনেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, ছুটির দিনে তিস্তার চরে ফুটবল খেলতে গিয়ে পরে গোসল করতে নামে দুই ভাই। এ সময় ছোট ভাই পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে বড় ভাই নদীতে ঝাঁপ দেয়। কিন্তু নদীর নিচে থাকা গভীর গর্তে তলিয়ে গিয়ে দুজনেরই মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, প্রায় এক বছর আগে পানি উন্নয়ন বোর্ড ওই স্থান থেকে বালু উত্তোলন করায় সেখানে ১৫ থেকে ১৬ ফুট গভীর গর্ত তৈরি হয়। সেই গর্তেই ডুবে যায় দুই ভাই।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম জানান, পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


