যুক্তরাজ্যের লন্ডনে একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে নয়জনের অবস্থাই আশঙ্কাজনক।
শনিবার রাতে কেমব্রিজের কাছে এই ঘটনা ঘটে। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, এই হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আহত বা অভিযুক্ত কারও পরিচয়ই এখনো প্রকাশ করেনি পুলিশ।
এরই মধ্যে ব্রিটিশ পুলিশ এটিকে ‘গুরুত্বপূর্ণ ঘটনা’ বলে ঘোষণা করেছে এবং তদন্তে সহায়তা করতে মাঠে নেমেছে দেশটির কাউন্টার টেরোরিজম পুলিশ।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের (বিটিপি) এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। যাদের মধ্যে নয়জনের আঘাত প্রাণঘাতী বলে ধারণা করা হচ্ছে। এটিকে একটি বড় ঘটনা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং কাউন্টার টেরোরিজম পুলিশ আমাদের তদন্তে সহায়তা করছে। আমরা এই ঘটনার কারণ ও উদ্দেশ্য অনুসন্ধানে কাজ শুরু করেছি।’
ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ঘটনাস্থল ঘিরে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর হাতে বেশ বড় একটি ছুরি ছিল। পরে পুলিশ তাকে ধাওয়া করে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ওই ট্রেনে হামলার ঘটনা ঘটে। ট্রেনটি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শহরের কাছের হান্টিংডনে পৌঁছানোর পর দ্রুত নিয়ন্ত্রণ নেওয়া হয়। খবর পাওয়ার পরপরই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সশস্ত্র পুলিশ ও এয়ার অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ‘হান্টিংডনের কাছে একটি ট্রেনে এই ভয়াবহ ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। আমি ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানাই এবং জরুরি পরিষেবাগুলোকে তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানাই।’
এলাকাবাসীকে পুলিশের পরামর্শ মেনে চলতেও অনুরোধ করেছেন তিনি।
স্থানীয় পুলিশ বাহিনী কেমব্রিজশায়ার কনস্ট্যাবুলারি জানিয়েছে, লন্ডন থেকে প্রায় ৭৫ মাইল উত্তরে অবস্থিত ওই স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।


