ইনিংসের প্রথম সাফল্যটা এসেছিল প্রায় দেড় বছর পর ওয়ানডেতে ফেরা শরীফুল ইসলামের হাত ধরে। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংসের সপ্তম ওভারে এই বাঁহাতি পেসারের ভেতরে ঢোকা বলে বোল্ড হন নিক ক্যালি। হেনরি নিকোলস ও উইল ইয়াংয়ের ৭৩ রানের জুটিতে শুরুর সেই ধাক্কা সামলেও ওঠে তারা। এরপর মিডল ওভারে রিশাদ হোসেনের লেগ স্পিনে ১৩১ রানের মধ্যে আরো ৩ উইকেট হারায় কিউইরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে ক্যালির উইকেট হারালেও নিকোলসের ফিফটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। এরপর ইনিংসের ২২তম ওভারের দ্বিতীয় বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে রিশাদকে উইকেট দেন ইয়াং। ৪২ বলে ৩০ রান করেন এই ডানহাতি ব্যাটার। ১৭তম ফিফটি করা নিকোলসও ফিরেছেন রিশাদের বলে, একইভাবে রিভার্স সুইপ করে। ৮৩ বলে ৬৮ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
এরপর অধিনায়ক টম ল্যাথামও ইনিংস বড় করতে পারেননি। মিরাজের নিচু হয়ে আসা বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি। ১৫ বলে করেছেন ১৪ রান।
৩৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬০ রান।
এর আগে অনুশীলনে ডান হাঁটুতে অস্বস্তি বোধ করায় শেষ মুহূর্তে বদল এনেছে টিম ম্যানেজমেন্ট। যে কারণে টসেও খানিকটা বিলম্ব হয়েছে। মোস্তাফিজের শেষ মুহূর্তে বাদ পড়া নিয়ে জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘ওয়ার্ম আপের সময় মোস্তাফিজ ডান হাঁটুতে একটু অস্বস্তি অনুভব করেছে, তাই ঠিক টসের আগে সিদ্ধান্তটা নেয়া হয়েছে যে মোস্তাফিজ আজ খেলছে না। তার বদলে শরীফুল ইসলামকে নেয়া হয়েছে একাদশে।’


