পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ও নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হওয়ায় নৌপরিবহন মন্ত্রণালয়ের ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।
শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস অফিসার কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সম্প্রতি বরিশাল এবং ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। এ ছাড়া অনেককে অফিসের নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হতে দেখা যায়।
এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনার আলোকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে নয়জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে দুইজন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে একজন এবং হিসাব বিভাগ থেকে একজনসহ মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) তিনজন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌপরিবহন প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একইসঙ্গে সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহি ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।


