জুলাই আন্দোলনে ঢাকার চানখারপুলে ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এই আদেশ দেন ।
প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এতথ্য নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, আদালতের আদেশে রিমান্ড পেয়ে হাজী সেলিমকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। যেহেতু আসামি বাক প্রতিবন্ধী সেহেতু জিজ্ঞাসাবাকালে তিনি ইশারায়, আকার ইঙ্গিতে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যা মামলার তদন্তে সহায়ক হবে। তার দেওয়া তথ্য মামলার তদন্তের স্বার্থে যাচাই বাচাই অব্যাহত আছে।
আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পালিয়ে যাওয়ার সম্ভবনা আছে। মামলার তদন্তের স্বার্থে পরবর্তীতে তাকে রিমান্ডেও নেওয়ার প্রয়োজন হতে পারে।
তাই বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত হাজী সেলিমকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এর আগে, গত ২০ অক্টোবর হাজী সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর হয়।
ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলার বিবরণে বলা হয়েছে, সরকার পতনের দিন গেল বছরের ৫ অগাস্টে শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।দ


