রাষ্ট্র কাঠামোয় মৌলিক সংস্কারের আহ্বান এনসিপির

রাষ্ট্র কাঠামোয় মৌলিক সংস্কারের আহ্বান এনসিপির
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন এনসিপি নেতারা। ফাইল ছবি, ফোকাস বাংলা
Advertisement
Advertisement

ভবিষ্যতে ফ্যাসিবাদ কিংবা স্বৈরশাসনের ঝুঁকি ঠেকাতে রাষ্ট্রের কাঠামোতে মৌলিক সংস্কারের মাধ্যমে রূপান্তরের আহ্বান জানিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। তারা বলছে, এ সরকারের সংস্কার যেন জুলাইয়ের গণজাগরণের চেতনাকে প্রতিফলিত করে।

শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এমন মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা যে সংস্কার চাই, তা শুধুমাত্র আইনি বা প্রশাসনিক নয়—এটা হবে রাষ্ট্র কাঠামোর মৌলিক ও গুণগত পরিবর্তন।’

নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের এনসিপি প্রতিনিধি দল সকালে এই সংলাপে অংশ নেয়। কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন।

জাতীয় ঐকমত্য অর্জনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এ আলোচনার আয়োজন হয়।

আরও পড়ুন

সংলাপের বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এমনকি সংবিধানের মধ্যেও এককেন্দ্রিক ও ব্যক্তিকেন্দ্রিক কাঠামোর ছাপ রয়েছে, যা এখনো শাসন ব্যবস্থায় প্রভাব ফেলছে।’

তিনি আরও বলেন, ‘যতদিন এ কাঠামো অক্ষুণ্ন থাকবে, ততদিন সরকার পরিচালনায় যেই আসুক না কেন, স্বৈরতান্ত্রিক ঝোঁক অবশ্যম্ভাবী হয়ে উঠবে।’

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য এখন সময় এসেছে মৌলিক কাঠামোগত পরিবর্তনের।’

সংলাপে অংশগ্রহণের মাধ্যমে এনসিপি অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সংস্কার আলোচনাকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে চায় বলে জানায় দলটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad