ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে চূড়ান্ত মতবিরোধ দেখা দিয়েছে। সরকারি দল জানিয়েছে, সংবিধান মেনে প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার ভাষণের সময় ওয়াক আউটের ইঙ্গিত দিয়েছে বিরোধী দল।
নতুন সংসদের অধিবেশন শুরুর একদিন আগে বুধবার সংসদ ভবনে আলাদাভাবে বৈঠক করে সরকারি ও বিরোধী দলের সংসদীয় দল। বৈঠক থেকে বের হয়ে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সরকারি দল বিএনপির পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধী দলের উপনেতা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সরকারি দল সংবিধান মেনে সংসদ পরিচালনায় বিশ্বাসী। সেই হিসেবেই প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তিনি আরও জানান, জুলাই সনদ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এরপরই সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে। এ সময় তিনি আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন।
অন্যদিকে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, স্বৈরাচারের দোসর হিসেবে নির্বাচিত রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই। তারা রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিরোধিতা করবেন।
উভয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের আলাদাভাবে আনুষ্ঠানিক ব্রিফ করেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিরোধী দলের নেতা জামায়াত আমির শফিকুর রহমান।
নুরুল ইসলাম মনি জানান, সরকারি দলের বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে কারো নাম নিয়ে আলোচনা হয়নি। এ দুটি পদে নিয়োগের জন্য সরকারি দলের সংসদ সদস্যরা সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে একক ক্ষমতা দিয়েছেন।
চিফ হুইপ আরও জানান, ডেপুটি স্পিকারের পদে নাম দেওয়ার জন্য বিরোধী দলের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে বিরোধী দলের দিক থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হবে।
অন্যদিকে, জামায়াত আমির শফিকুর রহমান জানান, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিরোধী দল ডেপুটি স্পিকারের পদ নেবে না। কারণ, জুলাই সনদ বাস্তবায়ন না করে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ হবে সরকারি দলের দয়ার সামিল। বিরোধী দল কোনোভাবেই সরকারি দলের দয়া নেবে না।
রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে সরাসরি কোনো জবাব না দিয়ে শফিকুর রহমান বলেন, সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিলে তখনই বিরোধী দলের অবস্থান সবাই দেখতে পাবে।
স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন
সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যসূচির প্রথমেই রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। তবে বুধবার সরকারি দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে কারও নাম চূড়ান্ত করা হয়নি।
সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দলের সিনিয়র সংসদ সদস্য হিসেবে খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বক্তব্য দেন। এ সময় বেশ আগ্রহ নিয়ে আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্য শোনেন তারেক রহমান।
পরে সরকারি দলের সংসদ সদস্যরা তারেক রহমানকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের ক্ষমতা দেন।
প্রথম অধিবেশন
সংসদ সচিবালয় থেকে জানা গেছে, প্রথম দিনের অধিবেশন শেষে শুক্রবার ও শনিবার দুদিনের জন্য অধিবেশন মুলতবি করা হবে। পরে রোববার আবার একদিনের জন্য অধিবেশন বসবে। সেদিন আবারও অধিবেশন মুলতবি করা হবে, পরবর্তী অধিবেশন বসবে ২৯ মার্চ। এরপর থেকে টানা বেশ কয়েকদিন রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাসহ অন্যান্য কার্যক্রম চলবে।


