রাশিয়ার চেলিয়াবিনস্ক শহরের কাছে এক গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার রাতে রাশিয়ার উরাল পর্বতমালার পাদদেশে অবস্থিত কোপেইস্ক শহরের একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইজভেস্তিয়া জানিয়েছে, শহরের একটি প্রতিষ্ঠানে দুই দফা বিস্ফোরণ ঘটে। যদিও বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, একটি চলন্ত গাড়ি থেকে ধারণ করা দৃশ্যে হঠাৎ এক বিশাল বিস্ফোরণ এবং আগুনের শিখা আকাশে উঠে যাচ্ছে। ভিডিওগুলো কোপেইস্কের সামরিক শিল্প এলাকার কাছাকাছি ধারণ করা হয়েছে।
রাস্তার ল্যাম্পপোস্ট, ভবনের বিন্যাস এবং অন্যান্য স্থাপনা গুগল স্ট্রিট ভিউয়ের সঙ্গে মিলে গেছে, যা ভিডিও’র অবস্থান নিশ্চিত করেছে বলে উল্লেখ করেছে বিবিসি।
ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরের আরেকটি সিসিটিভি ফুটেজেও বিস্ফোরণের মুহূর্তটি ধরা পড়ে। ফুটেজের সময় ছিল স্থানীয় সময় রাত ১১টা ৪৪ মিনিট, যা বিস্ফোরণের প্রাথমিক রিপোর্টগুলোর সময়ের সঙ্গে মিলে যায়।


