চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত, সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান, শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী। হায়াত ট্রাকের হেলপার ও হাবিবুর ট্রাকশ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে হায়াত ও হাবিবুর কাজ শেষে কানসাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপুরে কানসাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদ ও জাবের নিহত হন। একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদ নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাবের।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, ‘ভোরের দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


