তাইওয়ান ইস্যু ভালভাবে সামলাতে না পারলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিপজ্জনক হয়ে ওঠতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন বলে জানিয়েছে চীনের সরকারি বার্তা সংস্থা জিনহুয়া।
শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে জানান, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বেলায় তাইওয়ান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি এটা ঠিকঠাকভাবে সামলানো হয় তাহলে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে। আর যদি বিষয়টি সামলাতে ভুল হলে পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠবে, যা দুই দেশের সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক দিকে নিয়ে যেতে পারে।
এসময় তাইওয়ানের স্বাধীনতা ও তাইওয়ান প্রণালিতে শান্তি একসাথে চলতে পারে না বলেও জানান শি জিনপিং।
উল্লেখ্য, চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ডের অংশ বলে মনে করে, যদিও তাইওয়ান সরকার এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। এছাড়া, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রিরও কড়া বিরোধিতা করে বেইজিং।


