ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার রাজপথে থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ। বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সন্ত্রাস ও অগ্নিকাণ্ড ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, ‘জনগণের জানমালের ক্ষতি করতে চাওয়া এই গোষ্ঠীকে কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা তাদের প্রতিহত করব।’
আট দলের শীর্ষ নেতাদের সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, দলীয় পর্যায়ে ১৩ নভেম্বর মাঠে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের সকল জেলা, মহানগর ও থানা শাখার নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীলদের নির্দেশ দেওয়া যাচ্ছে যেন তারা সকল স্তরের কর্মী ও জনশক্তিকে সঙ্গে নিয়ে জনগণের পাশে অবস্থান নেন।
তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই সাধারণ মানুষের জানমালের ক্ষতি হতে দেওয়া হবে না।


