নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ ও ‘ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনের’ দাবিতে গণজমায়েত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকসু ভবনের সামনে জড়ো হন তারা। জমায়েত শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন – ‘লীগ ধর, জেলে ভর’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘১৩ তারিখ সারাদিন, খুনি লীগকে ধোলায় দিন’।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের ‘পূর্ণ নির্মূল’ এবং ‘ফ্যাসিবাদী শাসনের অবসান’ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যায় ও দমননীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান।
সমাবেশে সূর্যসেন হল সংসদের সহসভাপতি আজিজুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের দাবি জানান। আন্দোলনকারীদের একজন হলটির নাম পরিবর্তন করে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ রাখার প্রস্তাবনা দেন।
ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এ কর্মসূচির ঘোষণা দেন। সমাবেশে ডাকসুর কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ডাকসুর এই বিক্ষোভের আয়োজন করা হয়।
টিএসসিতে ককটেল বিস্ফোরণ
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটণা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ টাইমস অব বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেন। মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, হয়তো সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে কেও এইটা নিক্ষেপ করেছে। আমাদের লোকজন সেখানে আছে তারা বিষয়টি দেখছে। আমরা সিসি টিভি ক্যামেরা ফোজেট চেক করছি, যত দ্রুত সম্ভব আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।


