রাজশাহীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নির্বাচনী জনসভা বৃহস্পতিবার। বিকাল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জোটের শীর্ষ নেতারা জানান, মাঠের মঞ্চ নির্মাণ, সাজসজ্জা এবং প্রচারসহ জনসভার সব প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে। জনসভা ঘিরে রাজশাহী মহানগরীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
রাজশাহী মহানগরীর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল জানান, এবারের জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের রেকর্ডসংখ্যক উপস্থিতি থাকবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশ নিয়ে প্রমাণ করবে তারা ১১-দলীয় জোটের নীতি ও আদর্শের ওপর আস্থাশীল। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে জোটের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা রাজশাহীর ঐতিহ্যবাহী মাদরাসা মাঠে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর জনসভা উপহার দিতে চাই। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।’


