মাত্র ৪৫০ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে আশিকুর রহমান (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। সোমবার সকালে রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এই ঘটনা ঘটে।
এই হত্যাকাণ্ডের অভিযোগে নিহতের বন্ধু ও পেশায় অটোরিকশাচালক ফয়সাল আলী জয়কে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আশিকুর রহমান জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। অভিযুক্ত ফয়সাল একই এলাকার মোন্তাজ আলীর ছেলে। গ্রেপ্তারের পর ফয়সালের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করেছে পুলিশ।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নিয়েছিলেন আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে ফয়সাল সেই টাকা ফেরত নিতে আশিকুরের বাড়ি গেলে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ফয়সাল সেখান থেকে ফিরে আসেন।
পরবর্তীতে বেলা ১১টার দিকে ফয়সাল অটোরিকশা নিয়ে ভাড়া মারতে বের হলে পথে আবারও আশিকুরের সঙ্গে তার দেখা হয়। এ সময় টাকা নিয়ে দুইজনের মধ্যে পুনরায় বাগ্বিতণ্ডা ও এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ফয়সাল তার কাছে থাকা ছুরি দিয়ে আশিকুরের বাম পাঁজরে আঘাত করে কৌশলে পালিয়ে যান।
পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত আশিকুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর পরই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে নামে। পরে রাজশাহী নগরীর আলুপট্টি এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
এই ঘটনায় দামকুড়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। সেই মামলায় আসামিকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।


