তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদারে পার্টি-টু-পার্টি সমঝোতা স্মারকের প্রস্তাব দিয়েছে।
শুক্রবার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির মিডিয়া সেল জানায়, তুরস্কে শুরু হওয়া ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের’ সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির ভাইস চেয়ারম্যান ও পররাষ্ট্রবিষয়ক প্রধান জাফের সিরাকায়া। সাক্ষাৎকালে ওই প্রস্তাব দেন সিরাকায়া।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে প্রথমবারের মতো এ ধরনের প্রস্তাব দিয়েছে একে পার্টি।
এদিকে সৌজন্য সাক্ষাৎকালে জাফের সিরাকায়া বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
এ ছাড়াও উভয় পক্ষের মধ্যে পার্টি-টু-পার্টি ডেলিগেশন ভিজিট ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে।


