ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।
রোববার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রংপুর বিভাগীয় প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটের আগে, ভোটের দিন এবং ভোট-পরবর্তী সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বই হবে একটি সুষ্ঠু নির্বাচনের মূল শক্তি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যালট বাক্স ছিনতাই বা ভোটকেন্দ্রে অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা কিংবা প্রিজাইডিং কর্মকর্তাসহ কেউই দায়মুক্তি পাবে না।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রের প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে। নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রভাবিত করতে পারে-এমন যেকোনো অপতৎপরতা কঠোর হাতে দমন করতে হবে এবং সংশ্লিষ্ট দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
নির্বাচন-পূর্ব চার দিন নিবিড় টহল চালানোর নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিভিন্ন বাহিনীর সমন্বয়ে বিশেষ নজরদারি নিশ্চিত করতে হবে।
সভায় সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। নির্বাচন সুরক্ষা অ্যাপ, বডি-ওর্ন ক্যামেরা, সিসিটিভি ও ড্রোন ব্যবহারের পাশাপাশি প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে অস্ত্রধারী আনসারসহ কমপক্ষে পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, সঠিক নিয়ত, ধৈর্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের ইতিহাসে একটি সেরা নির্বাচন উপহার দেওয়া সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন র্যাব (এসআইএফ) মহাপরিচালক একেএম শহিদুর রহমান, পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম এবং বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপস ও ট্রেনিং) ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।
মতবিনিময় সভায় রংপুর বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রংপুর বিভাগে নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক এবং এখানকার মানুষ তুলনামূলক শান্তিপূর্ণ। তাই এই বিভাগে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নির্বাচনে কারচুপির কোনো আশঙ্কা নেই এবং শতভাগ স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে।


