রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন।
বুধবার রাতে ৮টা ৪০ মিনিটের বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে তাকে গুলি করা হয়। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আজিজুর রহমান মোসাব্বির। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ছিলেন।
গুলিবিদ্ধ অবস্থায় মোসাব্বিরকে দ্রুত পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি)।
অন্যদিকে, আহত সুফিয়ান ব্যপারী মাসুদকে (৪২) ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। রাত সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাসপাতালে নিয়ে আসা মো. জাবেদ জানান, মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাসা কেরানীগঞ্জে।
এদিন রাত ৮টার দিকে আজিজুর রহমান মোসাব্বির ও মাসুদসহ কয়েকজন কাজীপাড়া স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন মোসাব্বিরকে লক্ষ্য করে গুলি করে।
তিনি আরও জানান, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মাসুদকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে বিস্তারিত কিছু জানেন না বলে দাবি করেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, ওই ব্যক্তি পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে।
আশপাশের দোকানের সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


