রাউজানে যুবদল কর্মী মজিব হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

রাউজানে যুবদল কর্মী মজিব হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
রাউজানে গুলিতে নিহত যুবদল কর্মী মো. মজিব প্রকাশ ঘটক মুজিব ভান্ডারী | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী মো. মজিব প্রকাশ ঘটক মুজিব ভান্ডারী (৫৫) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানা এলাকার বায়েজিদ মাজার গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নাঈম হত্যা মামলার এক নম্বর আসামি।

গত ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে রাউজান থানার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা মজিবকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চালানো হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মোহাম্মদ রাসেল বলেন, ‘তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে সহিংসতার মাত্রা বেড়েছে। এ সময় উপজেলায় ২১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, যার মধ্যে ১৫টি রাজনৈতিক সংশ্লিষ্ট বলে দাবি করা হচ্ছে। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad