চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্যে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে প্রায় ৫০০ মিটার দূরে।
নিহত মো. মজিব প্রকাশ ঘটক মুজিব ভান্ডারী (৫৫) অলিমিয়াহাট বাজার এলাকার আবদুল মোনাফের ছেলে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। যার মধ্যে বেশিরভাগই রাজনৈতিক।
যুবদলের স্থানীয়রা নেতাকর্মীরা জানিয়েছেন, নিহত মজিব পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বাজারে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবদুল মজিদ রাউজান থানা যুবদলের কর্মী ছিলেন। সন্ধ্যায় তাকে গুলি করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
‘ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিপলু কান্তি দে জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। নিহতের শরীরে তিনটি গুলি ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে, তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।


