যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় পুলিশের ওপর সন্দেহভাজন হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দুইজন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হন।
স্থানীয় সময় বুধবার দুপুরে ইয়র্ক কাউন্টির নর্থ কডোরাস টাউনশিপের একটি গ্রামে এ ঘটনা ঘটে। পেনসেলভেনিয়া পুলিশ জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তিকে ধরতে একটি ফার্মহাউসে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে গেলে তাদের ওপর গুলি চালানো হয়।
ইয়র্ক কাউন্টি পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে অনুসরণ করার অভিযোগ আনেন তার বান্ধবী। ওই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করতে গ্রেপ্তারি পরোয়ানা ও নিষেধাজ্ঞা আদেশ জারি করে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে খুঁজে না পেয়ে পুলিশ বুধবার আবার ওই ফার্ম হাউসে যায়।
অভিযুক্ত ব্যক্তি ‘ক্যামোফ্লাজ’ পোশাক পরে পাশের ভুট্টা ক্ষেতে লুকিয়ে ছিলেন। পুলিশ সদস্যরা ফার্মহাউসের কাছে পৌঁছানোর পরপরই তিনি গুলি চালানো শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে অন্তত ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়।
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের বলেন, ‘এই শোক অসহনীয় হবে। কিন্তু আমরা তা সহ্য করব জনগণের জন্য। তাদের নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য।’
গভর্নর জশ শাপিরো নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সান্ত্বনা জানিয়ে বলেন, ‘আজকের এই দিনটি অত্যন্ত বেদনাদায়ক। আমাদের বুঝতে হবে কোনো সমস্যার সমাধান বন্দুক দিয়ে হয় না।’


