মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কাছে আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ নদ সেতুর ওপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের মধ্যে হতাহতের সংখ্যা বেশি।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক বলেও জানান তিনি।


