ঢাকায় সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর নেতারা।
সোমবার বিকালে রাজধানীর ব্রিটিশ হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের নেতৃত্বে দলটির ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, ব্যবসা-বাণিজ্যের সার্বিক অগ্রগতি–বিশেষ করে পোশাক, ঔষধ, কৃষি, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন খাত নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে যুক্তরাজ্যের সম্ভাব্য ভূমিকা নিয়েও কথা হয়।
এ ছাড়া, দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদান, বিশেষত হস্ত ও কুটির শিল্পে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাইয়েদা রুম্মান, কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকারবিষয়ক সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নি এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি শাহানা পারভিন।


