রাজধানীর উওরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন থাকা আরও তিনজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। এ নিয়ে দুর্ঘটনায় দগ্ধ ৮ জন বার্ন ইনস্টিটিউট থেকে সুস্থ হয়ে বাসায় ফিরলেন।
সুস্থ হওয়া তিনজন হলেন- তাসনুবা (১১), জাকির (৫৫) ও শ্রেয়া (৯)। বৃহস্পতিবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় বার্ণ ইনস্টিটিউটে এ পর্যন্ত ৩২ জন ভর্তি ছিলেন। এদের মধ্যে শারীরিক উন্নতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। তারা পরবর্তীতে চিকিৎসার জন্য আবার আসবে।’
তিনি আরও জানান, এই ঘটনায় বুধবার পর্যন্ত দুইজন আইসিইউতে ছিলেন। তাদের মধ্যে ১ জনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে নাভিদ নেওয়াজ নামে একজন ৪৫ শতাংশ দগ্ধ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছে। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। এ সময় চার দিনে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করে অন্তর্বর্তী সরকার। দেশের ইতিহাসে হওয়া সবচেয়ে ভয়াবহ এ সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৩৪ জন্যের মধ্যে বেশিরভাগই শিশু।


