আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিয়োগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যাদের জয়ী হবার সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।’
শুক্রবার বিকালে ঢাকার পশ্চিম মালিবাগে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘মিথ্যা আশ্বাস বা ভুল ব্যাখা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না। বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করে না। একটি দল নিজ ধর্মকে খাটো করে অন্য একটি দেশকে খুশি করার চেষ্টা করছে।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন রমনা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য শামীম হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, গণহত্যাকারীরা পালিয়ে গেছে। কিন্তু ব্যাংক, বীমা, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল, সেগুলোকে ধ্বংস করে চূড়ান্তভাবে লুটপাট করে নিয়ে গেছে। এর মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে; বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা একেবারে চলে গেছে—এটি যদি আমরা সত্যি ধরে নিই, তাহলে সেটাও ভুল হবে।’
বিএনপির জয় নিশ্চিত জেনে দুই-একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে অভিযোগ করে তিনি বলেন, ‘বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের উত্থান হতে দেওয়া হবে না।’


