বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মো. পারভেজ মিয়াকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ নেতা হারুন উর রশিদ মুন্না ও স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. নাজমুল হাসান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামিদের নেতৃত্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত, নির্দেশদাতাদের নাম-ঠিকানা সংগ্রহ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন মো. পারভেজ মিয়া। ওই দিন বিকাল ৫টার দিকে আসামিদের গুলিতে তিনি আহত হলে তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গত ২৯ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়।


