মৌলভীবাজারে বাসার ছাদ থেকে পড়ে হালিমা (১৪) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হালিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের আক্কাস আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা সিলেটে শ্রমিক হিসেবে কাজ করেন। দীর্ঘদিন ধরে হালিমা মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার আমিনুল ইসলামের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত।
স্থানীয়রা জানিয়েছে, দুপুরে বাসার ছাদে কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হয় হালিমা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


