সাতক্ষীরা শহরের কুখরালী এলাকা থেকে সোহানা পারভীন (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহানা পারভীন সাতক্ষীরা শহরের কুখরালী গ্রামের শেখ সাকিব হোসেনের স্ত্রী। তাদের ফাইয়াজ হোসেন নামে তিন বছরের একটি সন্তান রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, নিহত সোহানার স্বামী সাকিবের সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত।
এর জেরে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সোহানা অভিমানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের স্বজনদের দাবি, সোহানাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে আতহত্যা বলে প্রচার করা হচ্ছে।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। এ ঘটনায় নিহতের স্বামী শেখ সাকিব হোসেনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


