সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ইসমাইল শেখ ও আব্দুল করিম নামক দুই বনজীবীকে অপহরণ করেছে জলদস্যুরা।
রোববার সকালে সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে জলদস্যু আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে।
অপহৃত ইসমাইল শেখ (২৮) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মিজানুর শেখের ছেলে এবং অপহৃত আব্দুল করিম (৪৮) একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
তাদের সঙ্গে থাকা বনজীবী আকবর আলীসহ অন্যরা জানান, গত ২৮ এপ্রিল ও ২৬ এপ্রিল তারা কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে যান। ইসমাইল শেখ ও তার দল মাছ শিকার এবং আব্দুল করিম মধু সংগ্রহের জন্য সুন্দরবনে গিয়েছিলেন।
তবে রোববার সকালে তারা মাহমুদা নদীতে থাকা অবস্থায় জলদস্যু আলিম বাহিনীর সদস্যরা দু’টি নৌকা করে সেখানে পৌঁছে তিনটি নৌকা থেকে মুক্তিপণের দাবিতে দু’জনকে জিম্মি করে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, কোনো বনজীবীকে অপহরণের বিষয়ে তাদের কাছে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সাধারণত জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা ভেবে তাদের স্বজনরা প্রশাসনকে কিছুই জানায় না। ভুক্তভোগীর স্বজন বা মহাজনদের কারও কাছ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


