নিরাপত্তা শংকায় ভারতে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানোর সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) দুই দফায় ইমেইলও করেছে বিসিবি। যার সর্বশেষটিতে নিরাপত্তা শংকা সংক্রান্ত জটিলতা ও এই সম্পর্কিত যাবতীয় তথ্য প্রমাণাদি পাঠানো হয়েছে আইসিসিতে। শনিবার রাতে বিসিবি সভাপতি জানিয়েছেন, আইসিসি থেকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আসন্ন মঙ্গলবার পর্যন্ত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতে বিসিবির আঞ্চলিক ক্রিকেট সেন্টারে আয়োজিত ‘জিএনসি স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বুলবুল।
সেখানেই বিসিবি সভাপতি জানান, এখনো আইসিসির কাছ থেকে জবাব পাননি তারা। বুলবুল বলেন ‘আমরা সরকারের সাথে আলোচনা করে আইসিসিতে চিঠি দিয়েছি। আমাদের কী কী সিকিউরিটি কনসার্ন আছে সেটা আইসিসি জানতে চেয়েছে এবং সেটা আমরা গত বৃহস্পতিবার আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। তারপরে আর কোন আপডেট পাইনি।’
আইসিসিতে পাঠানো দ্বিতীয় ইমেইলে বিসিবি মূলত বিশ্বকাপ ঘিরে ভারতে বাংলাদেশের সম্ভাব্য নিরাপত্তা শংকা ও হুমকি ধামকির প্রমাণ হিসেবে বিভিন্ন সংবাদ, ভিডিওর লিংক যুক্ত করে দিয়েছে। যাতে করে আইসিসি ও বিসিসিআই সেসব খতিয়ে দেখতে পারে।
অবশ্য সেসবের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পাঁচ দিনের বেশি লাগার নেপথ্যে আছে সংযুক্ত আরব আমিরাতের ছুটির দিনও। আইসিসির হেড কোয়ার্টার অবস্থিত দুবাইয়ের স্পোর্টস সিটিতে। সেখানকার নিয়মানুযায়ী আগামী দুই দিন, অর্থাৎ শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে সোমবার আইসিসির হেড কোয়ার্টার খোলার পর দিন উত্তর পাবার আশা করছেন বুলবুল।
এ নিয়ে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলেন, ‘আইসিসি আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন তারা টেবিলে নেওয়ার পরে আলোচনা করবে আর কি। আজকে-কালকে যতদূর জানি সেখানে সব বন্ধ থাকে। তো মঙ্গলবারে হয়তো আশা করছি।’
বাকি সবার মতো বুলবুল ও তার বোর্ডের পরিচালকরাও আইসিসির জবাবের অপেক্ষায় উন্মুখ হয়ে আছেন, সেটা প্রমাণ হলো তার মন্তব্যের শেষটায়, ‘আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ সময়টা চলে যাচ্ছে তো। সো আমরা খুব মানে চিঠির অপেক্ষায় আছি যে কি রিপ্লাই আসে বা কি রিকোয়ারমেন্ট আসে।’


