মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় আট পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় তাদের কাছে থেকে ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
থানায় হস্তান্তরের পর জব্দ করা নৌকা, সিমেন্ট এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
শনিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশনের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বাকখালী নদীর মোহনার কাছে একটি সন্দেহজনক মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য তোলা ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজার মূল্য এক লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। এ সময় নৌকায় থাকা আট পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
সিয়াম-উল-হক আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে উপকূলীয় এলাকায় সিমেন্ট, সার, খাদ্যপণ্য ও মাদকের চোরাচালান বেড়ে যাওয়ায় কোস্ট গার্ড নিয়মিতভাবে সাগর ও নদী পথ নজরদারির আওতায় রেখেছে। এরই ধারাবাহিকতায় গত কয়েক মাসে একাধিক বড় অভিযান পরিচালনা করা হয়েছে।’
এর আগে, গত ২৪ নভেম্বর সেন্টমার্টিন উপকূল থেকে ৪৫০ বস্তা সিমেন্টসহ নয় পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।


