দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে একযোগে পুলিশের বিশেষ অভিযান চলছে।
গত ১ মে থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত মোট ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নাশকতার পরিকল্পনা ও সৃষ্টির অভিযোগে ১ হাজার ৯৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া অবৈধ অস্ত্র রাখার দায়ে ৩৩১ জন, মাদক চোরাচালান ও ব্যবসায় জড়িত ১৩ হাজার ২০ জন, ছিনতাই ও ডাকাতির অভিযোগে ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের অভিযোগে ৮০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই চিরুনি অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


