‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচিও নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে দরিদ্র, নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশের অসহায় ও অসচ্ছল মানুষদের বিনামূল্যে আইনি সেবা দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে ‘জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র কার্যক্রম পরিচালনা করা হয়।


