জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘মানুষের নিরাপত্তা, বিচার ও সংস্কারের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’ একই সঙ্গে তিনি সরকারের প্রতি দ্রুত ধর্ষণ রোধ ও বিচার নিশ্চিত করা এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় এনসিপির এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকের এই ইফতার মাহফিলে অনেক শহীদ পরিবারের সদস্যরা এসেছেন। তারা এসে আমাদের কাছে জানতে চেয়েছেন—বিচার কতদিন পরে হবে বা কবে হবে।’
তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হবে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিছু সুস্পষ্ট বার্তা দিতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হলো বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা।’
নারীদের নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দেশের নারীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। নারীরা আমাদের মেসেজ দিচ্ছেন, তারা আতঙ্কে আছেন। যদি আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না পারি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে এটি অত্যন্ত উদ্বেগজনক।’
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ধর্ষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি অনেক গুন্ডা-পান্ডা দলীয় শেলটারে এসব অপরাধে জড়িত হচ্ছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই—অপরাধীর কোনো দল নেই।’
সংস্কার কার্যক্রম প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল এ প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি সংস্কারের কার্যক্রমের বিরুদ্ধে একটি দল দাঁড়াচ্ছে, দলটির নাম বিএনপি। আপনারা দ্রুত রিফর্ম অ্যাসেম্বলি গঠনের উদ্যোগ নিন।’ তিনি সতর্ক করে বলেন, ‘যদি এ উদ্যোগ নেওয়া না হয়, তাহলে গণঅভ্যুত্থানের পর শহীদ ও আহতদের যে ম্যান্ডেট ছিল, সেই অবস্থায় আবার ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।’


