বিএনপি গণভোটের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার রাজধানীর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে বিএনপি যা খুশি তাই করার যে অবস্থান নিয়েছে, তা মূলত জনরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
তিনি দাবি করেন, সরকার গঠনের প্রথম দিন থেকেই জুলাই বিপ্লবের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে স্বৈরাচারী কায়দায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় আখতার হোসেন দেশের চলমান অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ক্ষমতা নেওয়ার পর হাজার হাজার কোটি টাকা ছাপানো এবং অর্থ পাচারকারীদের সুবিধার্থে ব্যাংক আইন পরিবর্তনের উদ্যোগ প্রমাণ করে যে প্রশাসনে কেবল চেয়ার পরিবর্তন হয়েছে, কিন্তু লুটেরা মানসিকতার কোনো পরিবর্তন হয়নি।
এ সময় তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রকার আঁতাত বা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা এনসিপি বরদাশত করবে না। একই সঙ্গে আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করার জোর দাবি জানান তিনি।
অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব শাহবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ডাকসুর প্রতিনিধিদের ওপর নির্যাতনের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের বাজারে যখন চরম অস্থিরতা বিরাজ করছে এবং সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছে, তখন বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী কায়দায় আধিপত্য বিস্তার করে নতুন ফ্যাসিবাদ কায়েম করা হচ্ছে। সরকারের উচিত ফ্যাসিবাদের পথ পরিহার করে প্রকৃত গণতন্ত্রের পথে হাঁটা।
জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক ঐকমত্য ছাড়া পতিত ফ্যাসিবাদকে রুখে দেওয়া সম্ভব নয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল অঙ্গীকার করেন, যুবশক্তি কোনো দলের লাঠিয়াল বাহিনী হবে না বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে। সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ বৈশ্বিক যুব রাজনীতির আদলে নতুন ধারার রাজনীতি গড়ার প্রতিশ্রুতি দেন।
সভায় জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মো. তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, সিনিয়র সাধারণ সম্পাদক কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ এবং সিনিয়র সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত। দ্রুতই এই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।


