মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, যাত্রা থামানোর নির্দেশ উপেক্ষা করায় হরমুজ প্রণালিতে এই হামলার ঘটনা ঘটে। তবে মার্কিন সামরিক বাহিনী এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের কোনো জাহাজ আক্রান্ত হয়নি।
এ প্রেক্ষাপটে মার্কিন-ইরান যুদ্ধবিরতির পর সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র সতর্কতা (মিসাইল অ্যালার্ট) জারি করা হয়েছে।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে একটি দক্ষিণ কোরীয় জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমএম জানিয়েছে, মালবাহী জাহাজটির ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয় এবং বর্তমানে এর কারণ অনুসন্ধান করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বিস্ফোরণের সময় জাহাজটিতে মোট ২৪ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ১৮ জন বিদেশি নাগরিক এবং ৬ জন দক্ষিণ কোরীয়। এই পরিস্থিতিতে পুরো অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। সূত্র: আল-জাজিরা


