মানিকগঞ্জের সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার ভোরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজীব ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ২টার দিকে বান্দাইল (জিয়ানগর) গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজীব বাড়ির টিনশেড ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেন। এ সময় আরও চার থেকে পাঁচজন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করেন। রাজীব ঘরে প্রবেশের পর নগদ প্রায় চার লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে থাকা সহযোগীদের কাছে দেন। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ সময় মোহাম্মদ হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে তিনি মাথার ডান পাশে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকাবাসী রাজীবকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় আল-আমিন জানান, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ ছিল।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।


