ভারতের উত্তর প্রদেশের হামিরপুর জেলায় ঝড়-বৃষ্টির মধ্যে একটি নির্মাণাধীন সেতু ধসে অন্তত ছয়জন শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও তিনজন শ্রমিক আটকে আছেন। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে বেতওয়া নদীর ওপর মোরাকান্দা থেকে কান্দৌর গ্রাম পর্যন্ত নির্মাণাধীন সেতুর একটি অংশে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় শ্রমিকরা সেতুর ওই অংশের নিচে ঘুমিয়ে ছিলেন। ঝড় ও বৃষ্টির কারণে সেতুর একটি স্ল্যাব ভেঙে তাদের ওপর পড়ে।
হামিরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অরবিন্দ কুমার ভার্মা বলেন, ‘গভীর রাতে একটি স্ল্যাব ধসে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ শুরু করেছে। এখন পর্যন্ত আমরা পাঁচজনের মরদেহ উদ্ধার ও তাদের পরিচয় শনাক্ত করতে পেরেছি।’
নিহতরা হলেন লোকেন্দ্র (২২), কুলদীপ নিষাদ (১৯), সাওয়ান্ত যাদব (২৮), সভাজিৎ (৩০), পুষ্পেন্দ্র সিং চৌহান (৩৪) এবং রাজেশ পাল (৪২)।
উদ্ধারকারী দল জানিয়েছে, ধসে পড়া অংশের নিচে এখনো অবধেশ নিষাদ, কাল্লু যাদব এবং রাজেশ নিষাদ নামের তিনজন শ্রমিক আটকে আছেন। তাদের উদ্ধারে এসডিআরএফের অভিযান চলছে।


