ফ্যামিলি কার্ড চূড়ান্ত করার জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জহির উদ্দিন বলেন, ফ্যামিলি কার্ডের বিষয়গুলো চূড়ান্ত করার জন্য একটা ছোট্ট কমিটি গঠন করা হবে অর্থমন্ত্রীর নেতৃত্বে। তারা আগামী কয়েকদিনের মধ্যেই বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত কর্মপরিকল্পনা এবং দিক নির্দেশনা দিবেন।
‘গতকাল এবং আজকে মিলিয়ে এর মধ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতির বেশ কিছু কাজে আমরা হাত দিতে পেরেছি। আমাদের বহুল প্রচারিত প্রতিশ্রুতি হলো ফ্যামিলি কার্ড। আমরা ইনশাআল্লাহ এই মাসে ঈদের আগেই আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করবো।’
প্রতিশ্রুতি মত কর্মসূচি বাস্তবায়নে বিএনপি জাতির কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করে বলেও জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াদা। বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবেন।’
প্রাথমিকভাবে এই ফ্যামিলিকার্ডের মাধ্যমে কতো টাকা দেওয়া হবে এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘টাকার পরিমাণটা এই মুহূর্তে নির্ধারণ করা হয়নি। তবে আমরা যেহেতু পর্যায়ক্রমে দেশের প্রায় পাঁচ কোটি ফ্যামিলিকে এই কার্ড দেব। আমরা সেটা মাথায় রেখে বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের প্রধান লক্ষ্য। পর্যায়ক্রমে এটাকে আমরা আরো উন্নত করতে পারব।’
‘আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবাদের মত পশ্চাদপদ জনগোষ্ঠীকে গুরুত্ব দেবো। কিন্তু পর্যায়ক্রমে সবাই এই কার্ডের আওতাভুক্ত হবেন,’ যোগ করেন তিনি।


