মিরপুর টেস্টেও ভূমিকম্পের আতঙ্ক

মিরপুর টেস্টেও ভূমিকম্পের আতঙ্ক
ভূমিকম্পের প্রভাবে তিন মিনিট বন্ধ থাকে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগের দুটো দিনের মতোই চলছিল বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম সেশনের খেলা। দুই আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর ও স্টিফ্যান ডোহেনির জুটিও জমে উঠেছে ততক্ষণে। আইরিশদের প্রথম ইনিংসের ৫৩তম ওভারের খেলা চলাকালীন রিখটার স্কেলে ৫ দশমিক ৭মাত্রার ভূমিকম্পে ঝনঝন আওয়াজে কেঁপে উঠে মিরপুর স্টেডিয়ামের কাঁচঘেরা প্রেসবক্স। মিডিয়া সেন্টার সংলগ্ন গ্যালারির ছাদও রীতিমতো দুলছিল।

আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রেসবক্সে। তাড়াহুড়ো করে  পাঁচতলা থেকে সিড়ি দিয়ে দৌড়ে নামতে শুরু করেন সাংবাদিকরা। মিডিয়া প্লাজায় গিয়ে দেখা যায় নিরাপত্তাকর্মীরাও উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন। ধারাভাষ্যকার আতাহার আলী খান নিচে দাঁড়িয়ে ছিলেন প্রেস কনফারেন্স কক্ষের পাশে। একাডেমি মাঠের দিকে যাওয়ার সময় প্রধান কোচ ফিল সিমন্স জানান ড্রেসিংরুমে তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল আতঙ্ক।

সকাল বেলা খেলা দেখতে আসা দর্শকদের অনেকেও ভয় পেয়ে নামতে শুরু করেন। তবে ক্রিকেটাররা সবাই মাঠেই ছিলেন। কিন্তু ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই দলের ক্রিকেটাররাই। মিনিট তিনেক খেলা বন্ধ থাকে। উইকেটের পাশেই দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই বিরতির পর আবার খেলা শুরু হলে সাফল্য পায় বাংলাদেশ। নিজের ২৪তম ওভারে তিন বলের ব্যবধানে ডোহেনি ও ম্যাকব্রাইনকে ফেরান তাইজুল ইসলাম।

ভূমিকম্পের আতঙ্কে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। ছবি: বিসিবি

২১১ রানে ৭ উইকেট হারিয়ে লাঞ্চ ব্রেকে গিয়েছিল আয়ারল্যান্ড। বাংলাদেশের করা ৪৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৬৫ রানে পিছিয়ে থেকে শুরু করে দ্বিতীয় সেশনের খেলা। ফলো অন এড়াতে আরো ৬২ রান প্রয়োজন তাদের।

শুক্রবার ১০টা ৩৮ মিনিটে কেঁপে ওঠে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ। ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫, তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে এবং ভূমিপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad