নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানার বয়লার থেকে কয়লা ছিটকে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, ‘কয়েকজন দগ্ধ হলেও এ ঘটনায় আগুন লাগেনি। কাজেই কারখানা কর্তৃপক্ষ আমাদের খবর দেয়নি। পরে এ বিষয়ে খোঁজ পেয়ে যোগাযোগ করা হলে কারখানা কর্তৃপক্ষ জানায়, বয়লার রুমের চুল্লিতে কয়লা দেবার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছে।’
দগ্ধরা হলেন- তাইজুল ইসলাম (৩৫), কামাল হোসেন (৪৫), মো. নাহিদ হাসান (২২), ফেরদৌস (৩৫), আতিকুর রহমান (৪২) এবং তোরাব আলী (৫৫)।
ঢামেকের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাইজুলের শরীরের ১২ শতাংশ, কামালের ২৬ শতাংশ, নাহিদের ৪০ শতাংশ, ফেরদৌসের ১০ শতাংশ, আতিকুরের ২৭ শতাংশ এবং তোরাবের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি বলেন, ‘ছয়জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয়েছে।’


